মানব অন্তর যখন কালিমযুক্ত হয়ে যায়, দুনিয়ার প্রাচুর্যের মোহ ও প্রবৃত্তির চাহিদা যখন নফসকে দূর্বল করে ফেলে। শত পাপের শৃঙ্খলে নিজেকে আবদ্ধ করে ফেলে মানুষ। হতাশা আর গ্লাণি যখন তাকে পেয়ে বসে,এই পাপ রাশি থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে তখন তওবার হাত তোলে। আর মহান আল্লাহ তাকে মার্জনা করে রহমতের দ্বারা আবদ্ধ করে নেন। আর আল্লাহ হলেন গফুরুর রাহিম, ক্ষমাশীল,দয়ালু। প্রত্যেক মানুষের প্রতি রয়েছে আল্লাহ তায়ালার সীমাহীন দয়া। শিরক ছাড়া মানুষ অতি জঘন্য ও ছোট-বড় যত অপরাধই করুক না কেন, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তায়ালা তার সব পাপ ক্ষমা করে তাকে আপন করে নেন। হাদীসে এসেছে:
التَّائِبُ مِنَ الذَّنْبِ كَمَنْ لَا ذَنْبَ لَهُ
গুনাহ থেকে ক্ষমা প্রার্থনাকারী ব্যক্তি নিষ্পাপ ব্যক্তির মত।[1]
☆فتح الباري কিতাবে আল্লামা ইবনু হাজার আসকালানী র. উল্লেখ করেন :
হযরত আব্দুল্লাহ ইবনুল মোবারক (র.) থেকে তাওবার শর্তের ব্যাপারে অতিরিক্ত বর্ণনা রয়েছে। তিনি বলেন : গুণাহের জন্য লজ্জিত হওয়া। পুনরায় পাপের দিকে ফিরে না যাওয়ার সংকল্প করা। অত্যাচারিত বা অন্যায়ভাবে আদায়কৃত জিনিস ফিরিয়ে দেওয়া। ফরয বিধানসমূহ থেকে যা নষ্ট করা হয়েছে তা আদায় করা। হারামের মাধ্যমে শরীরের যে বৃদ্ধি হয়েছে তাকে দুঃখ ও বিষন্নতার ( অনুতাপ) দ্বারা নিঃশেষ করে দিতে হবে যতক্ষন না পর্যন্ত পবিত্র না হয়। শরীরকে আনুগত্যের কষ্ট ও যন্ত্রণা আস্বাদন করাতে হবে যেমনিভাবে তাকে পাপের স্বাদ দেওয়া হয়েছে।